উইকি লাভস প্রতিযোগিতা ও আমার অভিজ্ঞতা


উইকি লাভস মনুমেন্টস কিন্তু একমাত্র 'উইকি লাভস না', এছাড়াও আমাদের আরও কিছু 'উইকি লাভস' প্রকল্প। সবচেয়ে জনপ্রিয় কয়েকটি হলো উইকি লাভস আর্থ, উইকি লাভস মনুমেন্টস, উইকি লাভস উইমেন, উইকি লাভস চিল্ড্রেন, উইকি লাভস ফোকলোর। আর্থের সাথে আমি কখনও সম্পৃক্ত হইনি বিধায় তাদের কার্যক্রমের ধরণ নিয়ে আমার কোন ধারণা নেই। বাংলাদেশে উইকি লাভস মনুমেন্ট শুরু হয় ২০১৬ সালে, তারপর চলে ২০২০ পর্যন্ত। মনুমেন্টসের সাথে আমার প্রথম সম্পৃক্ততা শুরু হয় ২০২১ সালে, তবে সেবছর চেষ্টা থাকা সত্ত্বেও নানান কারণবশত আয়োজনটি আটকে যায়। ২০২২ এ এসে প্রতিবন্ধকতা সত্ত্বেও এটি আবারও আয়োজিত হচ্ছে। উইকি লাভস উইমেন নিয়ে কাজ শুরু করি ২০২১ এর আগস্টে। এই প্রকল্পের জন্য উইকিমিডিয়া ফাউন্ডেশন থেকে ১৪০০ ডলারের মত বরাদ্দ পাই। তবে বরাদ্দের টাকা হাতে পাওয়া নিয়ে যে পেরেশানি সেটা বেশ মনে রাখার মত কাহিনি। সবশেষে স্টিফেন ক্যামিলটন আর কিউইক্স এর সাহায্যে এই পেরেশানির অবসান হয়। তবে তার হিসাব নিকাশের ল্যাটা এখনও চুকে নি। এই প্রকল্পে আমাকে দারুণভাবে গাইড করেছেন ড্যাভিড সারওয়ান, তিনি বরাদ্দ মঞ্জুর থেকে প্রাপ্তি পর্যন্ত বিভিন্ন পরামর্শ দিয়েছেন। বাংলাদেশ থেকে বরাদ্দ পেতে যে সমস্যাগুলো রয়েছে এক উছিলায় সেই সব অভিজ্ঞতা হয়ে গেছে আরকি। এর মধ্যে আরেকজন ছিলেন যিনি মূল উইকি লাভস উইমেন টীমের ঘানি টানছেন বহু বছর ধরে, অ্যান্থেরে। অ্যান্থেরের সঙ্গে পরিচয়ই হয় উইমেন সূত্রে। তিনি আমাকে প্রকল্পের আদি থেকে অন্তের একটা ধারণা দিতে পেরেছিলেন। বরাদ্দ সংক্রান্ত জটিলতা নিয়ে তার মাথাও কম ঘামেনি। 

উইকি লাভস চিল্ড্রেন এখনও স্বতন্ত্র কোন ইভেন্ট হিসেবে আত্মপ্রকাশ করে নি। এর মধ্যে অন্যতম কারণ শিশু সংক্রান্ত বিষয়বস্তুর অপ্রাপ্যতা। গতবছর এটি উইমেন প্রকল্পের অংশ হিসেবে আয়োজিত হয়েছিল। এবছর আয়োজন করার চিন্তাভাবনা থাকলেও সেটি আর হচ্ছে না। এর মধ্যে একটু বলে রাখা ভালো যে চিল্ড্রেন প্রকল্পটি কেবল উইকিপিডিয়া নয়, একই সঙ্গে উইকিবইয়েও আয়োজিত হয়েছিল। সম্ভবত বাংলা উইকিবইয়ে এটিই ছিল প্রথম কোন এডিটাথন বা কনটেস্ট। শাকিল, ইয়াহিয়া, রিয়াজ, সুজাতা সহ সেই প্রকল্পকে সফল করার পিছনে যারা শ্রম দিয়েছেন তাদেরকে ধন্যবাদ না জানালে কৃপণতার দায়ে দায়ী হয়ে যাব।

Ratargul 0276.jpg
রাতারগুল জলাবন। ছবিটি তুলেছেন আব্দুল মোমিন যা সিসি-বাই-এসএ ৪.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।

উইকি লাভস ফোকলোরে আমি আয়োজক তো ছিলামই, একই সঙ্গে প্রতিযোগীও ছিলাম। সেবছর বৈশ্বিক ভাবে আমি দ্বিতীয় স্থান অর্জন করেছিলাম প্রতিযোগী হিসেবে  বরাবরের মত এই প্রকল্পেও আমায় সহযোগিতা করেছেন নেট্টিমি সুজাতা দিদি। আরেকজন যার কথা মেনশন না করলেই নয় তিনি হলেন আফতাব ভাই। তার সম্পর্কে বিস্তারিত লিখতে গেলে শেষ হবে না। তাই শুরুই করলাম না। 
উইকিপিডিয়া এশীয় মাসের আয়োজন করেছিলাম ২০২১ সালে, সম্ভবত এবারেও আয়োজনের ব্যবস্থা করব। 

 সেবছর বাংলাদেশ থেকে আমি এগিয়ে গিয়েছিলাম এটার দায়িত্ব নিতে, কিন্তু আমাকে অবাক করে দিয়ে গুটি কয়েক ব্যক্তি এতে বাঁধা হয়ে দাঁড়ান। এবারের আয়োজনেও তাদের নাকমুখ কচলানো আমার নজর এড়ায় নি। এর ওর ইনবক্সে কানাঘুষা করা সেইসব ব্যক্তিরা তুমুল জনপ্রিয়ও বটে!